"আজ আমার কোন কিছুর জন্য অপেক্ষা নেই। শব্দের আকাশে সূর্য আজ অস্তমিত। মাঝ রাতে, চিন্তাগুলো আটকে থাকে দুটো দাঁড়ির মাঝে, শব্দ গুলো খুঁজে বেড়ায়, ভাবাবেগে। দক্ষিণের বিনম্র ঝাঁঝালো বাতাস, জালের মতো টেনে এনেছে মেঘেদের। কোথাও বাতাস নেই, ভ্যাপসা গরমের প্রচণ্ড দাবাদহে, শরীরের ঘাম, জলীয়বাষ্প হয়ে দীর্ঘশ্বাসের রূপ নিয়েছে। সিঁড়িপথে, মাকড়সারা বুনেচলেছে জাল, বিজন মেঘ, ক্রমশ এগিয়ে চলেছে, বৃষ্টির সম্ভাবনায়। বিকেলের সূর্যরেখার বেস্ট স্ট্রোক গুলো, বনের ফাঁকে, হামাগুড়ি দিয়ে নেমে এসেছে, শেষ রাতের বৃষ্টির অপেক্ষায়। পাখি পোষার মেঘলা যুগে, খাঁচায় পুষে রেখেছি, সুন্দরের সব ধারণা গুলো। মনের ডানায় উড়ুিয়েছি, মুক্ত প্রাণের স্পন্দন। বিকেলের কাছে রেখে এসেছি, ঝলসে যাওয়া দুপুরের কান্না। এখন আমি, ভেতরের অনুচ্চারিত শব্দ দিয়ে, ভালোবাসার সেলাইমেশিনে বুনে চলেছি, বন্ধুত্বের নকশীকাঁথা। হৃদয়ের এফোঁড় ওফোঁড় করে ফুটিয়ে তুলেছি, আমার অস্থিরতা, অবসাদ, নিঃসঙ্গতা"-----"ধূসর সীমান্ত"
