"আজ শহরের নির্জন রাস্তায় হেঁটে চলেছে আমার সব ভুল গুলো। মনের অন্তর্বাস ছুঁইয়ে আছে, জমে থাকা চোখের জলে, প্রতিটি অঙ্গে আজ শুধু অপেক্ষা। জানি, সব শেষ হয়ে গেছে, জীবনের নিরর্থকতা প্রেমহীন তহবিলে গচ্ছিত রেখেছি সব স্মৃতি গুলো। বিদগ্ধ জোনাকীর রাত শেষে শুরু হয় নতুন প্রেমের সকাল। হারিয়ে গেছে, সেই লেখা গুলো। তোমাকে ডেকে নিয়ে গেছে আজ, অন্য কোনো অভিমান,অরণ্যের মাদকতা। ফেলে আসা পথের, ঝরে পড়া শব্দফল, জমিয়ে রেখেছি যত্ন করে, কলমের খাঁজে। সব কাজ বন্ধ করে, হৃদয়ের কোন কাজহীন দিবসের ক্লান্তি দিয়ে, ফেসবুকের স্ট্যাটাসে লিখে চলেছি, আমার অস্থিরতা গুলো। অনেক দেখতে ইচ্ছে করে'। পৃথিবীর রাজ্যের সব রাজকণ্যা, একদিন ডানা মেলে ভর করে, আমার মেধার ভেতরে। তোমাকে নিয়ে জমে ওঠা দুঃখ গুলো, কখনো বুঝতে ইচ্ছে করেনা। শুধু জলের তৃষ্ণা রেখে যাই, অস্বচ্ছ জলের কাছে। আমার সব ইচ্ছেগুলো ঘুমিয়ে পড়ে। আমার জানালায় দেখা শৈশবে, শ্যাওলায় মোড়ানো শানবাঁধা পুকুর ঘাট, ক্রমশ আমাকে দূরে নিয়ে যাচ্ছে। শোনাতে আসিনি আমি, শুধু শুনতে চেয়েছিলাম, বিশুদ্ধ ছলাকলার বোকা কাহিনী গুলো। মিথ্যে অনুভূতি নিয়ে, আশাহীন ভাবে বেঁচে আছি। ভেতরের ভালোলাগা গুলো, দমকা হাওয়ায়, হারিয়ে গেছে। পথ ভুলে, বিভ্রমে, কেটে গেছে, আমার সকল পরাজিত সময়। প্রতি রাত্রের অস্থিরতা গুলো বেদনার ফলের মতো, ঝরে গেছে, জ্যৈষ্ঠের ভেজা বাতাসে।"----"ধূসর সীমান্ত"