Super Hot Video Song Piriti

Wednesday, October 10, 2018

তোমার জন্য লিখেছি এই সন্ধ্যার নৈঃশব্দ।

"তোমার জন্য লিখেছি এই সন্ধ্যার নৈঃশব্দ। সন্ধ্যার শহরের কোলাহলে শুধু গল্পের নির্জনতা পড়ে আছে। তোমার শরীরে ছিলো, নিমফুলের নরম গন্ধ, আর নৈঃশব্দ ও স্নিগ্ধ শিশিরে ভেজা। আমাকে পেরুতে হবে আলো, যেখানে তোমার পোশাক বিভ্রম তৈরি করে। পানশালায় তবু পুরনো দুঃখের স্মৃতিতে, অবলীলায় পেছনে ফেলে আসি, তোমার উষ্ণ ঠোট। বুকের ভেতর জমানো অভিমানটুকু ছাড়া আমার আর কিছু নেই। উথাল-পাথাল ঝড়ে, সুদূরে বিলীন হয়েছে, আমার সবুজ ভূমি। আমার অশান্ত ডানায়, আলতো রাখা হাতে, তোমার চোখের পাতা পুড়িয়ে দেয়া গানে, রক্তে আবারও লেগেছে দোলা। নিঃসর্গের তন্দ্রা দেখে, নির্ণয় করতে পারি, তোমার ঘুম। গভীর রাত্রে তোমার নিঃশ্বাসের উষ্ণতা এসে ছুঁয়ে যায় আমার শরীর। পালক গুলো উড়ে যায় রাত্রির নিস্তব্ধতা জুড়ে। আকাশে ছড়িয়েছিলো, কিছু অস্পষ্ট নতুন তারার আলোয় তোমাকে খুঁজে পাওয়া সোনালি ভোর। আমি রেখার পার্থক্য খুঁজে দেখতে চেয়েছি, তোমার চিবুকের ভাঁজে। রঙমাখা পরাগের দীর্ঘমন্থন, আমাকে দিয়েছে ধীর বৃহস্পতির ছায়া। আরেকটি ভূগোল পেরিয়ে আমি তাকিয়েছি সারি-সারি নক্ষত্রের দিকে। মুক্ত নদীসূত্র দেখে একটি গল্প লিখবো বলে, পেতে চেয়েছি ঘাসফুলের ঘনিষ্ট সান্নিধ্য। তোমার গোপন ছোঁয়ায়, কেঁপেছিলো চরের কাশফুল, অভিসারী আলো গেয়েছিলো অনন্ত বন্দনা। পৃথিবীর পায়ে-পায়ে ছড়িয়ে গিয়েছিলো, শেষ কথারা। তোমার দুঃখ গুলো আবারও আমাকেই ঢেলে দিয়ে যেও। গোলাপী আঙুলের ভাঁজ ভেঙে, কষ্টের শিমুল সুতোয় বাঁধো আমাকে। রজনীগন্ধার কষ্টে বোনা তরুণ পাপড়ি আমি। নিয়মিতই রূপালী দুঃখ কিনে চলেছি জীবন পাত্র ভ’রে। আকাশের এক কোনে নেমে আসে বেকার-সন্ধ্যা। নিবেদনের ভাষা আমার জানা নেই। যৌথতার দায়বদ্ধতায় রয়েছে, এক নিজস্ব নদীর ধারণা, ভাঙনের শুরুতেই যে নিজেকে বেছে নেয়। এখানে নৈঃশব্দেরা, বাসা বেধেছে, তাই এই ভাঙন, মৃদু অনুচ্চারিত। আমি ভাসবো অথবা ডুববো, তবুও চলে যাবো মৌনতার দিকে, যেখানে তোমার চোখের গভীর সম্মোহনে, আমার অস্তিত্ত বিলীন হয়ে যাবে"---"ধূসর সীমান্ত"

Total Pageviews